জলাবদ্ধতা নিরসনে দশগেট জরুরিভাবে সংস্কারের নির্দেশ কেসিসি প্রশাসকের

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল রোববার নগর উপকন্ঠের মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পুরাতন এই স্লুইচ গেটটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি একটি গেট দিয়ে জোয়ারের পানি নগরীতে প্রবেশ করায় জরুরি ভিত্তিতে গেটটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর যে সব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল- সে সব এলাকার পানি ইতোমধ্যে অনেকটা নেমে গেছে। তবে আবারো প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় সে জন্য তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীরা ড্রেন ও খালে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সরিয়ে পানির প্রবাহ বৃদ্ধিতে কাজ করছেন। তিনি পর্যায়ক্রমে সবগুলো গেট সংস্কার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী চার দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ গেটটির সংস্কার কাজ শেষ হবে বলে জানান।

প্রশাসক দশগেটসহ ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবনচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার মো: অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।