হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সাথে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো: আলামিন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্ট মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহ বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। উপযুক্ত সময়ে তিনি সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করবেন। এর আগে মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

গত ২১ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।