সন্তানের নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিসীম : মাহফুজা হান্নান এমপি
Printed Edition
সিলেট ব্যুরো
সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকাকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান। তিনি বলেন, একজন আদর্শ মা শুধু সন্তানের শারীরিক যতœই নেন না; তাকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতেও সবচেয়ে বড় অবদান রাখেন। রোববার সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার নাজিরেরগাঁও শাখা আয়োজিত ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের কাছে মা-ই সবচাইতে বড় অনুকরণীয় ব্যক্তিত্ব। তাই নিজেদের আচরণে তাদের সামনে ভালো দৃষ্টান্ত তৈরি করতে হবে। একই সাথে সন্তানরা যাতে যন্ত্র বা মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত না হয়ে পড়ে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাড়িতে ধর্মীয় ও নৈতিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি সন্তান প্রতিপালনে শাসন ও ভালোবাসার সমতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
নাজিরেরগাঁও শাখার শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ফৌজিয়া রহমান শিউলি। সমাবেশে উপস্থিত অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন ক্বারীয়া উম্মে কুলসুম, শেফা বেগম, জোছনা বেগম, সাদিয়া সুলতানা শিপা, হাবিবা আক্তার, আবিদা সুলতানা নিপা, রেখা বেগম, সেলিনা বেগম, হুমায়রা তাবাসসুম ও হাসি বেগম। শিক্ষক খোরশেদ আলম মহসিন ও মাওলানা হোসাইন আহমদের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।