ফেসবুক পোস্টে মির্জা ফখরুল
প্রতিটি সন্ত্রাসের বিচার করতে হবে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হাদি নির্বাচনে প্রার্থী ছিল। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি সন্ত্রাসের বিচার করতে হবে।’
গতকাল শুক্রবার তার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে পোস্ট করার পর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরপরই ফেসবুকে গিয়ে বিএনপি মহাসচিবের পোস্টটি পাওয়া যায়নি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।’
ভাঙচুরের প্রতিবাদে তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, হাদির রূহের মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা, প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরো অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশের সঙ্কটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সঙ্কটের। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
পত্রিকা অফিসে হামলা নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা : সালাহউদ্দিন আহমদ
পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।
গতকাল শুক্রবার গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল।
তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। ২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান হবে।