বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Printed Edition
‘বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫’-এ পুরস্কার দেয়া হয়েছে ১৪৩ শিক্ষার্থীকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৮৭১ জন প্রতিযোগী অংশ নেয়।
শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দেশের ইতিহাসে স্কুলপর্যায়ে সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিযোগিতায় জুরি বোর্ডের প্রধান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।
এ ছাড়া প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্যদের মধ্যে লোকজ শিল্পের রূপকার আবদুস শাকুর শাহ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও অধ্যাপক ড. ফরিদা জামান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: আনিছুর রহমান, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিজ্ঞপ্তি।