নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আমানের
Printed Edition
ঢাকা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। গতকাল দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে যাবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ধরনের অপচেষ্টা ব্যর্থ হবে এবং জনগণের ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ সরকার নির্ধারিত হবে।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। গণসংযোগে তিনি নিজের পূর্ববর্তী উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকারের সময় বাবুবাজার সেতু, বসিলা সেতু, হযরতপুর সেতুসহ কেরানীগঞ্জ এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৮০টি সেতু নির্মাণ করা হয়েছে, যা এলাকার যোগাযোগ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচিত হলে কেরানীগঞ্জে ভাঙা রাস্তা থাকবে না এবং দিনব্যাপী গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে আমান উল্লাহ আমান বলেন, বৃহস্পতিবার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনাকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
পরে তিনি ভাগনা, বোরহানিবাগ, মনুব্যাপারীর ঢাল, আমিরাবাগ ও কালিন্দী হয়ে বরিশুর বাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন।
এ সময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ সেলিম রেজা, সাইদুর আংকু, মেহবুব হোসেন মাহবুব, সামসুল হক লিটন, আসাদুজ্জামান রিপন, আতাউর রহমান হীরা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।