নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন শি
Printed Edition
সিসিটিভি
মধ্যপ্রাচ্যে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, ঠিক সেই মুহূর্তে চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক অভিনব ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এক বিবৃতিতে তিনি এই নতুন কৌশলের কথা ঘোষণা করেন।
বিশ্বজুড়ে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং সরবরাহে অনিশ্চয়তার মাঝে চীনের অভ্যন্তরীণ জ্বালানি খাতকে সুরক্ষিত রাখাই এখন বেইজিংয়ের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন শি জিনপিং। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির নিরিখে চীনের পরিকল্পনা ও নির্মাণকাজে দ্রুত গতি আনা প্রয়োজন বলে তিনি তার বিবৃতিতে জোর দিয়ে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং তার নতুন এই পরিকল্পনায় বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের ওপর অধিক গুরুত্বারোপ করেছেন। একই সাথে তিনি অত্যন্ত ‘নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে’ পরমাণু শক্তির প্রসারের মাধ্যমে বিকল্প জ্বালানির উৎস বাড়ানোর তাগিদ দিয়েছেন। তার মতে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিশ্বের বর্তমান অস্থিতিশীল জ্বালানি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী একটি আধুনিক ‘এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি’ বা জ্বালানি সুরক্ষা কৌশল গ্রহণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই কৌশলের মূল লক্ষ্য হলো বিদেশী জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।