ভোলায় চাঁদাবাজির ঠাঁই হবে না : পার্থ
Printed Edition
ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা দখলদার সন্ত্রাসীদের স্থান হবে না। তিনি বলেন, ‘আমার মরহুম বাবা নাজিউর রহমান মঞ্জু কখনো মানুষের সাথে অন্যায় করেননি, আমিও করব না- এই প্রতিশ্রুতি দিচ্ছি।’ গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ভোলার নতুন বাজারে বিজেপির কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
পার্থ বলেন, মহান আল্লাহ তাকে ভোলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভোলাকে সিঙ্গাপুর বানাতে পারব না, তবে ভোলার মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের জীবনমান উন্নত হয়- সেজন্য কাজ করে যাবো।’
তিনি আরো বলেন, রাজনীতিতে হিংসা, বিদ্বেষ ও সঙ্ঘাত নয়- সম্মান ও সহাবস্থানের রাজনীতিই তার লক্ষ্য। বিএনপি ও বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, ভোলা সদর আসনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের সাথেও কোনো বিরোধ নেই তার। তিনি বলেন, ‘ভোলার মানুষ যাকে নির্বাচিত করবে, তাকেই আমরা সম্মান জানাব।’