জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ
Printed Edition
বরিশাল ব্যুরো
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রাম। সব শ্রেণী-পেশার মানুষ শামিল হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এই অর্জন শুধু শেখ হাসিনাকে বিদায় করার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটাতে হবে। তিনি আগামী সংসদ অধিবেশনেই সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। তিনি আরো বলেন, জবাবদিহিহীন সাংবিধানিক স্বৈরতন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে চিরতরে বিদায় দেয়ার দলিলই হলো জুলাই সনদ।
জিএসএর জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক হাছিব আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, কেন্দ্রীয় সদস্য রুবিনা ইয়াসমিন এবং ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।