গাংনীর উন্নয়ন-সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে সর্বস্তরের মতবিনিময়
Printed Edition
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলায় উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন খাতের বিদ্যমান সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে সর্বস্তরের মানুষের খোলামেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ও সাংস্কৃতিক খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি উত্তম কুমার দাস।
স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। পরে গাংনীর সার্বিক উন্নয়নচিত্র তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, জামায়াতের আমির ডা: রবিউল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা গাংনীর কৃষি, স্বাস্থ্যসেবা, সাব-রেজিস্ট্রার অফিস, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের সমস্যা তুলে ধরে দ্রুত সমাধান ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।