গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি দাড়িপাতা নুরানি মাদরাসার ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা। শিশু শরিফা ওই নূরানী মাদরাসার শিশু শ্রেণীর ছাত্রী ছিল।

মাদরাসার সহসভাপতি তোফাজ্জল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াত নেতা ডা: আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নুরানি মাদরাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।

উল্লেখ, গত রোববার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ শরিফার লাশ উদ্ধার করে পুলিশ। সে গত শুক্রবার তার নানার সাথে আলিনগর মক্রমপুরে তাফসির মাহফিল শোনার জন্য তার ফুফুর বাড়ি যায়। সেখানে তার দুলাভাই তাকে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছিল।

এ বিষয়ে মামলার আইও গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আওয়াল জানান, লাশের সুরতাল রিপোর্টে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।