ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান।
দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। তবে এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে বলা হয়, সরকার পাকিস্তান দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কায় ভ্রমণের অনুমতি দিয়েছে। কিন্তু একই সাথে জানানো হয়, ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা খেলবে না। ফলে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ আংশিক হলেও, বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।
আগেই ছিল অনিশ্চয়তা
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশকে ২৪ জানুয়ারি টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হয়, কারণ তারা নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশের সেই সিদ্ধান্তের প্রকাশ্য সমর্থন দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে ভারতের পক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন এবং বিষয়টিকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে।
সরকারের সাথে বৈঠক, এরপর সিদ্ধান্ত
বাংলাদেশ ইস্যুর পরপরই পিসিবি চেয়ারম্যান নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, সব ধরনের বিকল্প খোলা রাখা হচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। নির্ধারিত সময়সীমার একদিন আগেই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত জানাল।
সম্পূর্ণ বর্জন নয়, নির্দিষ্ট ম্যাচেই অবস্থান
বিশ্লেষকদের মতে, পাকিস্তান পুরো টুর্নামেন্ট বর্জন না করে কৌশলগতভাবে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জনের দিকেই ঝুঁকেছে। এরই মধ্যে আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। এমনকি পিসিবির একটি বিবৃতি যা পরে মুছে ফেলা হয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শ্রীলঙ্কায় দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চেয়েছে ইএসপিএন-ক্রিকইনফো, তবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করায় পাকিস্তান ওই ম্যাচের দুটি পয়েন্ট হারাবে
বিশ্বকাপে বড় প্রভাব
ভারত-পাকিস্তান ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বিশ্বকাপে বড় আলোড়ন সৃষ্টি করেছে। ক্রিকেটীয় দিকের পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সাথে দর্শক আগ্রহ, সম্প্রচার মূল্য ও টুর্নামেন্টের বাণিজ্যিক দিকেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।