কক্সবাজারে ড. হামিদুর রহমান আযাদ
অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে
Printed Edition
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা:
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ সামনে আসছে। এ ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনকে দৃঢ় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়- সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এটা সম্ভব না হলে অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি স্থাপন করা জরুরি। পাশাপাশি মাগুরায় সিসিটিভি স্থাপনের পর তা ভেঙে ফেলার ঘটনা গভীর উদ্বেগের।
গতকাল দলের কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই এমপি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকা হতাশাজনক। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করাও অপরিহার্য।
তিনি বলেন, দেশের জন্য স্বাধীন গণমাধ্যম দরকার, সেটা শুধু মুখের কথা নয়, কার্যকরভাবে দেখতে চাই। নির্বাচনের সময় জনগণ যাতে সঠিক তথ্য পান এবং সব ভোট প্রক্রিয়া স্বচ্ছ হয়, তা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের নির্বাচনী সফর সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, সদর উপজেলা আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারী ও রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।