সেমির স্বপ্নভঙ্গ হয়েই গেল জ্যোতিদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। ব্যাট হাতে বড় সংগ্রহ করতে না পারলেও বল হাতে দারুণ লড়াই উপহার দেয় বোলিং বিভাগ। ম্যাচের ভাগ্য গড়ায় শেষ ওভার পর্যন্ত। তবে শেষ মুহূর্তে চাপ সামলে চার উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। আর তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের নারী টি-২০ বিশ্বকাপ অভিযান! এই মিশনে বাংলাদেশ হারিয়েছিল নেদারল্যান্ডস ও পাকিস্তানকে। আর হেরেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে।

টস জিতে গতকাল আগে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই মারিজানে ক্যাপের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। এরপর আরেক ওপেনার তাজ নেহারও সুবিধা করতে পারেননি। ১২ বলে মাত্র এক রান করে ফিরে গেলে পাওয়ারপ্লেতেই চাপে পড়ে বাংলাদেশ। বিপর্যয়ের মধ্যে সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার দু’জন মিলে উইকেট সামলালেও রান তোলার গতি ছিল ধীর। তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নিলেও বড় শট খেলতে গিয়ে দু’জনই বিদায় নেন। শারমিন ২৯ বলে ২২ এবং সুবহানা ৪৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন।

শেষ দিকে দলের স্কোরে গতি আনেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ২০ বলে চারটি চার একটি ছক্কায় অপরাজিত ৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার কার্যকর ব্যাটিংয়েই নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম বলেই অধিনায়ক লরা উলভার্টকে বোল্ড করে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন মারুফা আক্তার। এরপর তাজমিন ব্রিটস ও অ্যানেরি ডার্কসেন ৫২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। ব্রিটস ২৪ বলে ২০ রান করলেও ডার্কসেন ৪৫ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের ধারা বজায় রাখে বাংলাদেশের বোলাররা। মারিজানে ক্যাপকে ১৬ রানে আটকে রাখা এবং ডার্কসেনের উইকেট তুলে নেয়ার পর ম্যাচে আবারো উত্তেজনা। নাহিদা আক্তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন। এ ছাড়া মারুফা আক্তার, রিতু মণি ও সানজিদা একটি করে উইকেট নেন।

ফলে ম্যাচ গড়ায় শেষ ওভারে। দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান। অধিনায়ক জ্যোতি দায়িত্ব দেন মারুফা আক্তারকে। কিন্তু প্রথম বলেই চার হাঁকিয়ে সমীকরণ সহজ করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। পরের বলেই এক রান নিয়ে জয় নিশ্চিত করেন চার্লি ট্রায়ন। তিনি পাঁচ বলে ৮ এবং নাদিন ডি ক্লার্ক ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জন্য এই হার শুধু একটি ম্যাচের পরাজয় নয়- একই সাথে শেষ হয়ে যায় সেমিফাইনালে ওঠার স্বপ্নও।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১১৭/৫ (জুয়াইরিয়া ০, তাজ ১, সোবহানা ৪২, শারমিন ২২, নিগার ৩২*, স্বর্ণা ৪, রিতু ১*; ক্যাপ ১/৯, শাবনিম ১/১৫, এমলাবা ২/২২, ডি ক্লার্ক ১/১৭)।

দক্ষিণ আফ্রিকা : ১৯.২ ওভারে ১১৮/৬ (ভুলভার্ট ০, ব্রিটস ২০, ডার্কসেন ৪৫, ফন নিকার্ক ৪, ক্যাপ ১৬, ডি ক্লার্ক ১৫, ট্রায়ন ৮*, জাফটা ০*; মারুফা ১/২৩, মেঘলা ১/২৮, রিতু ১/২৪, নাহিদা ২/২৪)।

ফল : দক্ষিণ আফ্রিকা চার উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : মারিজান ক্যাপ।