মাজআসর সভায় বক্তারা

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

Printed Edition
3rd-8
মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনায় অতিথিরা

নির্বাচনকালীন সহিংসতা রোধ এবং ভোটারদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে সব সন্ত্রাসীকে গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে ‘মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন’ (মাজআস)। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘নির্বাচনকালীন সহিংসতা রোধে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ। তিনি বলেন, ‘সংবিধানে নির্বাচনকেন্দ্রিক ধারাগুলোর সঠিক প্রয়োগ এখন সময়ের দাবি। নির্বাচন কমিশন (ইসি) যদি তাদের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে নিয়মতান্ত্রিক ও বলিষ্ঠ ভূমিকা পালন করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেয়, তবেই একটি সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।’

সভায় বক্তারা বিগত চারটি জাতীয় নির্বাচনের অনিয়ম ও সহিংসতার চিত্র তুলে ধরে বলেন, অতীতের ভুলগুলো আমলে নিয়ে ইসিকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। তারা বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, নির্বাচনের আগে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হলে সব চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। একই সাথে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্রগুলো সাময়িকভাবে জমা নেয়ার মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। পুরো জাতি এখন একটি সহিংসতা বর্জিত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে।

মাজআসের চেয়ারম্যান আবদুল বাতেন রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি সামসুদ্দোহা পিন্টু। মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন মাজআসের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. একরাম উদ্দীন সুমন। সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, বাংলাদেশ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, স্থানীয় নির্বাচন বিশেষজ্ঞ নাজমুল হাসান, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন এবং দি ক্যাম্পাস মিররের ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল ইসলাম জায়েদ।

সভায় অন্যদের মধ্যে বাকেরগঞ্জ ফোরাম এনজিওয়ের চেয়ারম্যান আনিসুর রহমান, নির্বাহী পরিচালক মো: শাহ আলম হাওলাদার, মাজআসের উপদেষ্টা আল আমিন রাসেল এবং সমাজকর্মী আবদুল হামিদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতায় ছিল- দি ক্যাম্পাস মিরর, ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সোসাইটি, সোসাইটি ফর হিউম্যান রাইটস, মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাকেরগঞ্জ ফোরাম এনজিও ও ইয়ুথ ফর পিস এন্ড জাস্টিস। বিজ্ঞপ্তি।