কলম্বিয়ার সাথে দ্বন্দ্বে ১০০ শতাংশ শুল্ক বাড়াল ইকুয়েডর
Printed Edition
আলজাজিরা
মাদক পাচারের বিরুদ্ধে কলম্বিয়া কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে দেশটির পণ্যের ওপর আমদানিশুল্ক ১০০ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ইকুয়েডরের উৎপাদন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার রোধে কলম্বিয়ার উদাসীনতার কারণে তারা এই কঠোর সার্বভৌম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। দেশটির দাবি মাদক কারবারিদের দমনে এই শুল্ক বৃদ্ধি একটি প্রয়োজনীয় কৌশল। ইকুয়েডরের কাছে নিরাপত্তা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি আপসহীন অগ্রাধিকার। এর আগে মার্চ মাসে কলম্বিয়ার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ইকুয়েডর যা জানুয়ারিতে ছিল মাত্র ৩০ শতাংশ। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন ইকুয়েডরের এমন আচরণ আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি আন্দিয়ান প্যাক্টকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।