রাজাপুরে খাল খননে সড়কে ধস বিচ্ছিন্নতার শঙ্কায় এলাকাবাসী
Printed Edition
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এলজিইডির খাল খনন প্রকল্পে অপরিকল্পিত খননের কারণে একটি পিচঢালা সড়কে ধস নেমেছে। এতে স্থানীয় মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার তুলাতলা এলাকায় সরেজমিন দেখা যায়, খালের পাড়ঘেঁষা পাকা সড়কের বড় একটি অংশ ধসে খালের মধ্যে পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের কারিগরি পরিকল্পনা ছাড়াই ভেকু মেশিন দিয়ে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত গভীর করে খনন করেছে। পাশাপাশি খালের পাড়ে প্রয়োজনীয় ঢাল না রাখায় সড়কটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, খননকাজের সময় তারা বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করা হয়। বিশেষ করে উত্তর পাড় খাড়া রেখে নিচ থেকে মাটি সরিয়ে ফেলায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হয়ে সড়কের একটি অংশ ধসে পড়ে।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে তিন কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে উপজেলায় ১৩টি খাল খনন ও তিনটি বাঁধ নির্মাণের কাজ চলছে। তুলাতলা এলাকার খননকাজও ওই প্রকল্পের অন্তর্ভুক্ত।
রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, খননকাজ চলাকালে সড়কের কিছু অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেয়া হবে।
তবে স্থানীয়দের দাবি, দায়সারা সংস্কার নয়, স্থায়ীভাবে টেকসই পুনর্নির্মাণের মাধ্যমে সড়কটি নিরাপদ করা হোক। অন্যথায় বর্ষা মৌসুমে বড় দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা রয়েছে।