খুলনায় ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনায় সাব্বির হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা এবং স্বাধীন আহম্মেদ (২০) ও নীরব হোসেন (১৯) নামে আরো দুইজনকে গুরুতরভাবে আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার দামোদর গ্রামের তহশিল অফিস সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ফুলতলা বাজার বাসস্ট্যান্ডের কলার ম্যান গোলাম মোস্তফার ছেলে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, সাব্বির স্থানীয়ভাবে ডিশ ও ওয়াইফাই লাইনের কাজ করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামোদর গ্রামের জমাদ্দারপাড়ায় সিজান ও তার ভ্যানচালক পিতা মহিমের সাথে সাব্বিরের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তারা সাব্বির এবং তার সহযোগী স্বাধীন ও নীরবকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার সাব্বিরকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বাধীন ও নীরব বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার স্বাধীন ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সিজানসহ আহত অপর দুইজন সবাই পরস্পর বন্ধু। সাব্বির স্থানীয়ভাবে ডিশ ও ওয়াইফাই লাইনের কাজ করতেন। অন্যরা রাজমিস্ত্রির কাজের সাথে জড়িত। ঘটনার পর হত্যাকারী সিজান ও তার পিতা মহিমকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তবে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত থানায় এ নিয়ে কোনো মামলা হয়নি।