বেগমগঞ্জে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর
Printed Edition
নোয়াখালী অফিস
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে একদল সন্ত্রাসীর তাণ্ডব ও এলোপাতাড়ি গুলিবর্ষণে তিনজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় স্থানীয় একাধিক দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়। গুলিবিদ্ধরা হলেন- মো: নাদিম (১৭), মো: সাকিব (১৮) ও সাহেদ (২০)। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জিরতলি ইউনিয়নের বারইচতল (মসজিদ বাড়ি) এলাকার আবুল খায়েরের ছেলে হারুনের (৪৮) নেতৃত্বে একদল অস্ত্রধারী এই হামলা ও তাণ্ডব চালায়। অভিযুক্ত হারুনের বিরুদ্ধে ডজনখানেক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দলবদল করে সুযোগ নেয়া এই ব্যক্তির ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না। আওয়ামী লীগ সরকারের আমলে সে যুবলীগের নামে প্রভাব খাটালেও বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর নিজেকে যুবদল পরিচয় দিয়ে এলাকায় ক্যাডার বাহিনী নিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
ঘটনার পর থেকে পুরো বাংলাবাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, রাতের এই তাণ্ডবের পর দোকানপাট খোলা রাখা নিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী হারুন ও তার সহযোগী হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। অভিযোগ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত হারুনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।