নারী আসনে এমপি হওয়ার প্রত্যাশা দিঠির
Printed Edition
বিনোদন প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে এই সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা, সমাজসেবিকা দিঠি আনোয়ারের বাবা বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক মরহুম গাজী মাজহারুল আনোয়ারের সুসম্পর্ক ছিল। গাজী মাজহারুল আনোয়ারও জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করতেন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়’ গানটিও খুব পছন্দ করতেন জিয়াউর রহমান। এক সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাজী মাজহারুল আনোয়ারকে তার দলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে দৃষ্টি রাখতে বলেন। জিয়াউর রহমানের আমলেই জিয়াউর রহমানের আদেশে গাজী মাজহারুল আনোয়ারের সার্বিক তত্ত্বাবধানে সারা দেশে গীতিনাট্য ‘এক দশকের বাংলাদেশ’ মঞ্চস্থ হয়েছিল জাতীয়তাবাদের চেতনায়। আবার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছিলেন তখন ‘দুই দশকের বাংলাদেশ’ নামে গীতিনাট্য মঞ্চস্থ হয়েছিল দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও। ‘দুই দশকের বাংলাদেশ‘ শিরোনামের গীতিনাট্যের সাথে দিঠি আনোয়ারও সম্পৃক্ত ছিলেন। এক সময় গাজী মাজহারুল আনোয়ার জাসাসের সভাপতি হন, পরবর্তীতে বিএনপির কালচারাল সেক্রেটারি হন এবং তারও পরে তিনি খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও কাজ করেন। অর্থাৎ- জীবনের শেষ সময়টুকু পর্যন্ত গাজী মাজহারুল আনোয়ার বিএনপির হয়েই কাজ করেছেন। তারই যোগ্য উত্তরসূরি হিসেবে বাবার আদর্শকে বুকে লালন করেই বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন দিঠি। সিলেট অথবা কুমিল্লার কোনো একটি আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে কাজ করতে আগ্রহী। দিঠি আনোয়ার বলেন, ‘আমার বাবা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে রাজনীতি করে গেছেন, তেমনি আমার শ্বশুর শফি আহমেদ চৌধুরীও সিলেট-৩ আসনের দুবারের নির্বাচিত সংসদ সদস্য হয়ে এলাকার বহু উন্নয়ন করেছেন। প্রতিষ্ঠিত করেছেন লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, যার সভাপতি আমি। যেখানে এখন তিন হাজার শিক্ষার্থী বিনা বেতনে পড়াশুনা করছে। আমি আমাদের সংস্কৃতি থেকে অপসংস্কৃতিটা দূর করতে চাই। ইউটিউব কনটেন্টের ক্ষেত্রেও সেন্সর আনা জরুরি। আমাদের হাজার বছরের সঙ্গীতের ঐতিহ্য। কিন্তু রয়্যালিটির ব্যাপারে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। পাশের দেশ ভারতে রয়্যালিটি নিয়েই শিল্পীর পরিবার সুন্দরভাবে জীবন যাপন করছে। এ বিষয়টি নিয়ে আমি বিশেষভাবে কাজ করতে চাই। আর একদল ক্ষমতায় এলেই শিল্পীরা যে ব্ল্যাক লিস্টেড হয়ে যান- এ বিষয়টির অবসান ঘটাতে চাই।