ইন্দোনেশিয়া ও দক্ষিণ সুদানের দুর্ঘটনায় জামায়াতের শোক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুদানের রাজধানী জুবা-এর উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, দক্ষিণ সুদানে এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় সংঘটিত দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এসব হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় উভয় দেশের নিহতদের পরিবার-পরিজন এবং উভয় দেশের সরকার ও জনগণের সাথে আমরাও শোকাহত। আশা প্রকাশ করছি, অতি শিগগিরই উভয় দেশের সরকার ও জনগণ তাদের এই বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।