আরব কাপের শিরোপা জিতল মরক্কো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আফ্রিকার অন্যতম সফল ফুটবল দল মরক্কো। ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে আফ্রিকান নেশনস কাপ জয় করে তারা। ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে স্পেন ও পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখায় আশরাফ হাকিমির দল। সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখল ওয়ালিদ রেগরাগুয়ের শীষ্যরা। এবার জর্ডানকে হারিয়ে আরব কাপের শিরোপা জিতল মরক্কো। কাতারের লুসাইল স্টেডিয়ামে গতপরশু ৩-২ গোলে জর্দানকে হারায় আফ্রিকান দেশ মরক্কো। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আশরাফ হাকিমিরা। চার মিনিটের মাথায় ৩৫ গজ দূর থেকে লম্বা শটে গোল করেন তান্নানে। ১২ মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ পায় মরক্কো। তবে বেরকাউয়ির জোড়াল শট জর্দানের গোলরক্ষক ফিরিয়ে দিলে সে যাত্রায় রক্ষা পায় আরব দেশটি। ৩৩ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় জর্দান। তবে হুসাম আবু আল দাহাবের হেড ফিরিয়ে লিড আগলে রাখেন মরক্কো গোলরক্ষক মেহদি বেনাবিদ।
বিরতির পরই সমতায় ফেরে জর্দান। কর্নার থেকে আসা বলে ক্রস পাস দেন আবু তাহার। সেই ক্রসে হেড দিয়ে দলকে সমতায় ফেরান আল ওলওয়ান।
ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি পায় জর্দান। ডি বক্সে আশরাফ এল মাহদিওইয়ের হাত বলে লাগে। আবেদন করেন জর্দানের খেলোয়াড়রা। ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। সুযোগ মিস করেননি আল ওলওয়ান। নিখুঁতভাবে ব্যবধান দ্বিগুণ করেন। ২-১ এ এগিয়ে যায় জর্দান। খেলায় যখন আবর দেশটির জয় অনেকটা নিশ্চিত তখন শেষ মুহূর্তে আব্দের রাজ্জাক গোল করে দলকে খেলায় ফেরান। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ট্রফি হাতে নেয়ার সুযোগ ছিল আল ওয়ানের সামনে। তবে গোলরক্ষককে একা পেয়েও তাকে ফাঁকি দিতে পারেননি আল ওয়ান। সবাইকে হতাশ করেন তিনি। ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের খেলা শুরু হলে উভয় দলই জোরাল আক্রমণ শুরু করে। আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়াতে থাকে উভয় দল। একপর্যায়ে কর্নার থেকে নেয়া শর্টে হেড নেন মরক্কোর সাদান। সেই বল খুব কাছে থেকে পেয়ে যান আব্দের রাজ্জাক। জালে পাঠাতে ভুল করেননি আল শাবাবের ফরোয়ার্ড। বাকি সময় আর কোনো গোল না হলে বিজয় উল্লাসে মাতে মরক্কো।