কার্ড দিয়ে সঙ্কট মিটবে না, সিন্ডিকেট ভাঙতে হবে : শফিকুল ইসলাম মাসুদ

Printed Edition
3rd-1
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, কেবল কার্ড দিয়ে বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি সঙ্কট সমাধান সম্ভব নয়; এ জন্য প্রয়োজন বাজার সিন্ডিকেট নির্মূল ও কার্যকর পদক্ষেপ। সোমবার রাতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা ও সিন্ডিকেট দমনে ড. মাসুদ বলেন, ‘গ্যাস ও নিত্যপণ্যের সঙ্কটে সরকার এলপিজি ও ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা দিচ্ছে। কিন্তু এই কার্ড যদি প্রতিটি পরিবার না পায়, তবে রাষ্ট্র নতুন করে বৈষম্য তৈরি করবে।’ তিনি অভিযোগ করেন, সরকার দলীয় নেতাকর্মী ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই বাজারে অস্থিরতা কাটছে না। কার্ডের নামে জনগণকে ধোঁকা না দিয়ে সিন্ডিকেট বন্ধ করলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সাম্প্রতিক কিছু মন্তব্যের কড়া সমালোচনা করে ড. মাসুদ বলেন, ‘যাদের আজ গুপ্ত বলা হচ্ছে, রাজপথে সেই জামায়াত-শিবিরই রক্ত দিয়েছে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর যখন ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’র ডাক দেয়া হয়েছিল, তখন বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপন করেছিলেন। অথচ জামায়াত-শিবির বুক পেতে লড়াই করেছে।’

জাতীয় সরকার ও জুলাই সনদ জাতীয় সরকার গঠন না হওয়া এবং জুলাই সনদের প্রতি অবহেলার নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি এবং গণভোটের রায় মানে না, তারা দেশ ও জাতির সাথে প্রতারণা করছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় জামায়াত ও ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।