গোয়ালন্দে জলাশয়ে বিষ : মরা মাছ খেয়ে ৩০০ হাঁসের মৃত্যু
Printed Edition
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দে জলাশয়ে বিষ প্রয়োগে ভেসে ওঠা মাছ খেয়ে খামারিসহ প্রতিবেশীদের অন্তত ৩৪০টি হাঁস মারা গেছে। গত রোববার বিকেল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ধাপে ধাপে হাঁসগুলো মারা যায়। আরো কিছু হাঁস অসুস্থ অবস্থায় রয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি শামসু মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পূর্ব ছোটভাকলা গ্রামের বাসিন্দা শামসু মোল্লা স্ত্রীকে নিয়ে ধারদেনা করে হাঁস পালন শুরু করেন। প্রথমে এক হাজারের বেশি হাঁস দিয়ে খামার শুরু করলেও বর্তমানে প্রায় ৪০০ হাঁস ডিম দেয়ার উপযোগী ছিল। প্রতিদিন বাজার থেকে ধান, ভুট্টা ও ফিড কিনে খাওয়াতে গিয়ে তাদের প্রায় চার লাখ টাকার দেনা হয়েছে।
খামারি শামসু মোল্লা জানান, রোববার রাতে খামারে ফেরার পর হাঁসগুলো দ্রুত অসুস্থ হয়ে পড়তে থাকে। সোমবার বিকেল পর্যন্ত ২০০টির বেশি হাঁস মারা যায় এবং আরো প্রায় ১০০ হাঁস জবাই করতে বাধ্য হন। পরে জানা যায়, পাশের জলাশয়ে বিষ দিয়ে মাছ শিকার করা হয়েছিল। সেই বিষাক্ত মাছ খাওয়ার কারণেই হাঁসগুলো মারা গেছে। প্রতিবেশী শাহিন সরদার বলেন, তার পরিবারসহ পাশের আরেকটি পরিবারের প্রায় ৪০টি হাঁসও একইভাবে মারা গেছে। আগাম সতর্কতা থাকলে তারা হাঁস ছেড়ে দিতেন না বলে দাবি করেন তিনি। পুলিশ জানায়, অভিযুক্ত আব্দুল মান্নান ও আব্দুস সাত্তার নামে দুই মৎস্যচাষি লিজ নেয়া জলাশয়ে বিষ প্রয়োগ করেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।