চট্টগ্রামে ইকোনমিকস অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব শেষ হয়েছে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়তে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে সিটি গভর্নমেন্ট (নগর সরকার) প্রতিষ্ঠা অত্যাবশ্যক।
গতকাল চট্টগ্রাম কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চসিক মেয়র বলেন, নগর সরকার প্রতিষ্ঠিত হলে নগরীর বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত হবে। ফলে উন্নয়ন কার্যক্রমের সুফল দ্রুত ও সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০০-এরও বেশি শিক্ষার্থী তাদের অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। মূল বক্তা ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা সাইদ খান সাগর এবং ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড কায়েস চৌধুরী। আরো ছিলেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মো: মানসুরুল হক।
পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে তিনটি ক্যাটাগরিতে শীর্ষ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুনিয়র ক্যাটাগরিতে মোসা: সুমাইয়া ইসলাম, মো: আনিসুর রহমান এবং আদিত্য রাজন্না; ইন্টারমিডিয়েট বিভাগে মোহাম্মদ উহান্না মো: আলমান চৌধুরী এবং মো: সাদিক রাশিদ ধন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অ্যাডভান্স ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- সাইয়রনা সোলাইমান সুবাহ, হুর-ই-জান্নাত এবং জয় গোপাল বণিক।