দেশীয় স্পিন কোচ তৈরি করতে চায় বিসিবি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পেস বোলিং কোচের তুলনায় দেশে স্পিন কোচ কম থাকায় কিছুটা উদ্বেগ বোর্ডের। তা বিবেচনায় শুধু রফিকই নন, দেশের স্পিনারদের কোচিং করানোর জন্য আরো এমন স্পিন কোচ তৈরি করতে চায় বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আপাতত এক বছরের চুক্তি। রফিকের পারফরম্যান্স যখন দেখি, মনেই হয় না অবসরে যাওয়া ক্রিকেটার। এই বয়সেও মাঠে যে ইনটেন্ট থাকে সাধারণ একটা খেলায়। অনেক কিছু দেয়ার আছে ওর। যদি জুনিয়র এমনকি সিনিয়র প্লেয়ারদের সাথে কাজ করে, ওর কাছ থেকে টিপস পেলে খুব উপকার হবে।’
ভবিষ্যতে আরো স্পিন কোচ তুলে আনার আশা ব্যক্ত করেন ফাহিম, ‘আমরা যদি একটু হিসেব করি, ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু দেশের ভেতরে তিনজন স্পিন কোচও খুঁজে পাবো না। ওই জায়গাটা এলার্মিং। নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। পাশাপাশি আরো দু-চারজনকে ভবিষ্যতে তৈরি করার চেষ্টা করব।’