পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষপ্রেমী লায়ন হাকিম আলী
Printed Edition
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বৃক্ষপ্রেমী লায়ন হাকিম আলী। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের বাসিন্দা। বৃক্ষরোপণ ও চারা বিতরণকে তিনি নিজের নেশা ও অভ্যাসে পরিণত করেছেন তিন দশকেরও বেশি সময় আগে।
১৯৯০ সালে মাত্র ২৮ বছর বয়সে নিজ উপার্জনের অর্থ ব্যয় করে গাছ লাগানোর মাধ্যমে তার যাত্রা শুরু। সময়ের সাথে সাথে কর্ণফুলীর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্কুল-কলেজ, মাদরাসা, কবরস্থান ও সড়কের পাশে হাজার হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করেন তিনি। তার লাগানো গাছ আজ বহু এলাকায় সবুজের ছায়া ছড়িয়ে পরিবেশের সৌন্দর্য বাড়াচ্ছে।
লায়ন হাকিম আলী পেশায় একজন শিল্পোদ্যোক্তা। তিনি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক সংগঠন ‘দুরন্ত দুর্বার’র প্রধান উপদেষ্টা হিসেবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।
স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা জানান, শৈশব থেকেই তিনি সমাজসেবা ও বৃক্ষরোপণের সাথে জড়িত। কোভিড-১৯ মহামারির সময়ও তিনি দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
হাকিম আলী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ দীর্ঘদিন বেঁচে থেকে অক্সিজেন দিয়ে মানবজীবন রক্ষা করে। তাই প্রত্যেক মানুষের উচিত অন্তত দু’টি করে গাছ লাগানো।’