গ্যাস না পেয়ে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ
Printed Edition
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
গ্যাস না পেয়ে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভান্ডাব এলাকার এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস নেয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও না পেয়ে প্রায় ২০-২৫ জন চালক মহাসড়কে অবস্থান নেন। এ সময় একটি অটোরিকশা সড়কের ওপর আড়াআড়িভাবে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলে অটোরিকশাটি সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।