ফটিকছড়িতে সালিসে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ভাই আহত

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি সামাজিক সালিসি বৈঠকে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে নুরুল আবছার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মো: রাসেল (৩৩) গুরুতর আহত হন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আবছার ওই এলাকার মৃত নবীদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় কয়েকটি সমাজের উদ্যোগে একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে সন্দেহভাজন হিসেবে নুরুল আবছার ও তার ভাই রাসেলসহ কয়েকজনকে ডাকা হয়। বৈঠক চলাকালে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত কিছু ব্যক্তি ‘চোর’ সন্দেহে দুই ভাইকে বেধড়ক মারধর করে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদি হয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সালাউদ্দিন (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করে।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন খান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেফতার ও অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।