ফুলপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ৩ জনের যাবজ্জীবন
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়া। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুলপুর উপজেলার কৃষক আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত ছয় আসামির বিরুদ্ধে এ রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ৩০ হাজার টাকা করে এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।