ইইউ রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দও পরিদর্শন

Printed Edition
3rd-8
রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর প্রতিনিধিদল চট্টগ্রামবন্দর পরিদর্শন করেন : নয়া দিগন্ত

গত ২২ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। চবক চেয়ারম্যান প্রতিনিধি দলকে চট্টগ্রাম বন্দরে স্বাগত জানান। তিনি চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম হ্রাস, ডুয়েল টাইম হ্রাস, পানগাঁও আইসিটি ও লালদিয়া কনটেইনার টার্মিনালে বিদেশী অপারেটর নিয়োগ, বে-টার্মিনাল ও মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে গ্রিন টেকনোলোজি ব্যবহার, ডিজিটাইজেশন, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি প্রভৃতি বিষয়ে প্রতিনিধি দলকে অবগত করলে তারা সন্তোষ প্রকাশ করেন। চবক চেয়ারম্যান বলেন, আলোচ্য প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য চ্যলেঞ্জ মোকাবেলায় ইইউর সার্বিক সহযোগিতা কামনা করেন। আশা করি ইইউ চট্টগ্রাম বন্দরের বিদ্যমান জনবলকে আরো দক্ষ ও কারিগরী জ্ঞানে প্রশিক্ষিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। রাষ্ট্রদূত ইইউর পক্ষে থেকে চট্টগ্রাম বন্দরকে নির্মাণ শিল্প, উন্নত দেশের সাথে সরাসরি জাহাজ চলাচল বৃদ্ধি, বিভিন্ন বিষয়ে কারিগরী সুবিধা দেয়াসহ সার্বিক উন্নয়নে সহযোগী অংশীদার হিসেবে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়াও গ্রিনপোর্ট তৈরি ও জিরো কার্বন নিঃসরণের ব্যাপারেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় চবক সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো: মাহবুব আলম তালুকদার ইইউর প্রথম কাউন্সিলর এডউইন কয়েকক প্রথম সচিব সেবাস্তিয়ান রাইজার ব্রাউন চবক পরিচালক (প্রশাসন) মো: ওমর ফারুক ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।