টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ভারতের ওডিশার কেওনঝর জেলায় এক দুঃখজনক ঘটনা সামনে এসেছে। গত সোমবার এক উপজাতীয় ব্যক্তি তার মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন। উদ্দেশ্য, বোনের নামে ব্যাংকে জমা থাকা টাকা উত্তোলন। কারণ, ব্যাংক বারবার হিসাবধারীর বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর দালিলিক প্রমাণ দাবি করছিল।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে কেওনঝর জেলার পাতনা ব্লকের অন্তর্গত ওডিশা গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখায়। ওই ব্যক্তির নাম জিতু মুন্ডা (৫০)। তিনি দিয়ানালি গ্রামের বাসিন্দা। তিনি তার বড় বোন কালরা মুন্ডার (৫৬) ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার রুপি তুলতে চেয়েছিলেন। দুই মাস আগে অসুস্থতার কারণে কালরা মুন্ডার মৃত্যু হয়।
কালরা মুন্ডার আর কোনো বৈধ উত্তরাধিকারী না থাকায় কয়েক দিন আগে জিতু ব্যাংকের দ্বারস্থ হন টাকা তোলার জন্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে মৃত্যু সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলে। এই প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে না পেরে, শেষমেশ জিতু মুন্ডা তার বোনের কবর খুঁড়ে কঙ্কাল বের করেন। অশিক্ষিত জিতু মুন্ডা সাংবাদিকদের বলেন, ‘আমি বহুবার ব্যাংকে গেছি। তারা আমাকে বলেছে, অ্যাকাউন্টধারীকে নিয়ে আসতে হবে টাকা তুলতে। আমি বলেছি, সে মারা গেছে, কিন্তু তারা শোনেনি। তাই বাধ্য হয়ে আমি কবর খুঁড়ে তার কঙ্কাল নিয়ে এসেছি।’
এই ঘটনার পর পুলিশ জিতু মুন্ডাকে আশ্বাস দিয়েছে, তার মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে তারা সহায়তা করবে। পরে পুলিশের উপস্থিতিতে কঙ্কালটি আবার কবরস্থানে দাফন করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, কালরা মুন্ডার অ্যাকাউন্টে যে নমিনি ছিল, সেও ইতিমধ্যে মারা গেছে। ফলে জিতু মুন্ডাই ওই টাকার একমাত্র দাবিদার।