শ্যালক ও দুলাভাইয়ের পরিকল্পনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের ২১ দিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় প্রধান আসামি ফিরোজ মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১ জানুয়ারি নগরকান্দার নারায়ণখালী ব্রিজসংলগ্ন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তদন্তে নিহত ব্যক্তির পরিচয় আলী মোল্লা (৩৪) হিসেবে নিশ্চিত হয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করা হয়।

গ্রেফতার ফিরোজ মিয়া নগরকান্দার মধ্যগজদিয়া গ্রামের বাসিন্দা। র‌্যাব-১২ এর সহযোগিতায় তাকে কুষ্টিয়ার আল্লারদরগা বাজার এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক বিষয়ে বিরোধের জেরে ফিরোজ ও তার শ্যালক মমরেজ পূর্বপরিকল্পিতভাবে আলী মোল্লাকে হত্যা করেন। ঘটনার দিন তারা একসাথে যাত্রাপথে অবস্থান করছিলেন। পরে পরিকল্পনা অনুযায়ী আলী মোল্লাকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যান। র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।