সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
চিফ অব জেনারেল স্টাফ হলেন লে. জেনারেল মাইনুর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সশস্ত্রবাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তাকে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এই দফতরের নতুন মহাপরিচালক করা হচ্ছে কায়সার রশিদ চৌধুরীকে। বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাসদরে কর্মরত রয়েছেন।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। অন্য দিকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো: হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।