কালীগঞ্জে বিএনপির হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত
Printed Edition
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় আসার পথে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বৃহস্পতিবার উপজেলার রামচন্দ্রপুর ও উল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো: আবু মিয়া।
আহত আনোয়ার হোসেন কালু বিশ্বাস বলেন, আমি বাইসাইকেলে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে যাচ্ছিলাম। পথে কিছু লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে।
তবে এ অভিযোগের বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খান বলেন, আমি এলাকায় নতুন। কে যে কার কর্মী তা এখনো বুঝে উঠতে পারিনি। আমার কোনো কর্মীই এ ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে না। এটি আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।