বিশ্বকাপ ফুটবল নিয়ে দ্বিধাবিভক্ত ইউরোপ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আসন্ন ফিফা বিশ্বকাপে ইউরোপের অংশ নেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডকে নিয়ে বক্তব্য ও মার্কিন কর্মকাণ্ড ঘিরে এমন শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বিশ্বকাপে অংশ নেয় বা না নেয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ইইউ দেশগুলোর মধ্যে। রাজনৈতিক কারণে বিশ্বকাপ বয়কট করাটা কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলেছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মার্কিন নিরাপত্তা নিশ্চিতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার ইঙ্গিত এবং প্রয়োজন হলে সামরিক শক্তি প্রয়োগের মন্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি ক্রীড়ামহলও অস্বস্তিতে পড়েছে। কারণ গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ফুটবল কাঠামোর সাথে সম্পৃক্ত অঞ্চল। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনকারী দেশের রাজনৈতিক আচরণ প্রশ্নের মুখে পড়ছে।
বিবিসি জানায়, হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনের একটি অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করেছেন চরম পরিস্থিতিতে একযোগে কিভাবে প্রতিক্রিয়া জানানো যেতে পারে। জার্মান ফুটবল মহল ও রাজনৈতিক দিক থেকে উঠে এসেছে বয়কটের সিদ্ধান্ত নেয়ার দাবি। দেশটির অভিমত অনুযায়ী, যদি ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে তার উচ্চাকাক্সক্ষা চালিয়ে যান তাহলে জার্মান জাতীয় দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‘এই মুহূর্তে’ বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা নেই, তবে পরিস্থিতি বদলালে সিদ্ধান্তও বদলাতে পারে।’