নির্বাচনে সব রোহিঙ্গা ক্যাম্প সিল করার নির্দেশ

Printed Edition

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচনের আগে ও ভোট পরবর্তী কয়েকদিন কক্সবাজারের উখিয়া-টেকনাফের সব রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ। তিনি বলেছেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিং বা রাজনৈতিক কার্যক্রমে জড়াতে না পারে এবং অপরাধে ব্যবহার হওয়ার সুযোগ না পায়- এটি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত রোববার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে। কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তার বা গায়ের জোরে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ নেই উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। কেউ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নিতে হবে। বলপ্রয়োগ করে কিছু করার সুযোগ এই নির্বাচনে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হবে জানিয়ে আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি- অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় হলে তা কঠোরভাবে মোকাবেলা করা। তিনি স্পষ্ট করে বলেন, মিন মিন করে নির্বাচন করা যাবে না।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কক্সবাজারে দায়িত্বরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।