রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয় নিগারদের

Printed Edition
khela 5
ম্যাচসেরা পুরস্কার হাতে দিলারা : বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেন্ট্রাল জোনের বিপক্ষে শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেনি ইস্ট জোন। শেষ ওভারে বল হাতে প্রথম চারটি ডেলিভারিতে চার রান দিলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন ফাহিমা খাতুন। ফলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন হয় ৪ রানের। সেই সমীকরণ মেলাতে গিয়ে ২ রানের বেশি নিতে পারল না ইস্ট জোন। আগে ব্যাটিংয়ে নামা সেন্ট্রাল জোনের গড়া ১৫৬ রানকে তাড়া করতে নেমে ১৫৫ রানেই থেমে যায় ইস্ট জোন। রোমাঞ্চ আর উত্তেজনায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে সেন্ট্রাল জোন। চমৎকার ব্যাটিংয়ে ৮৫ রান করে ম্যাচসেরা হন দিলারা আক্তার।

এদিন দ্বিতীয় ম্যাচে সাউথ জোনকে ৪ রানে হারিয়েছে নর্থ জোন। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১৩১ রানের পুঁজি পায় নর্থ জোন। এই রান তোলার পথে বড় অবদান রাখেন তিনে নেমে ১০ চারে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া সোবহানা মোস্তারি। ১৩২ রানকে তাড়া করতে নেমে লাকি খাতুন-সানজিদা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৭ রানেই আটকে যায় সাউথ জোন। সর্বোচ্চ ৪১ রান করেন ফারজানা। আর ৩৩ রানে অপরাজিত ছিলেন লতা। ২২ রানে লাকি ৩টি ও সানজিদা নেন ২টি উইকেট।

রাজশাহীতে টস জিতে ব্যাটিংয়ে নেমে দিলারার ব্যাটে ভালো শুরু পায় সেন্ট্রাল জোন। ইশমা তানজিমকে সাথে নিয়ে গড়েন ৪৭ রানের জুটি। দশম ওভারে হাবিবা ইসলামকে চার মেরে ৩১ বলে পঞ্চাশে পা রাখেন দিলারা। অপর প্রান্তে রানের চাকা সচল রাখেন নিগারও। ১৮তম ওভারে দিলারাকে ফিরিয়ে ৮৫ রানের জুটি ভাঙেন ফাতেমা জাহান। ৪৬ রানে অপরাজিত থাকেন জ্যোতি। একটি করে উইকেট নেন ফাতেমা ও ফাহিমা।

লক্ষ্য তাড়ায় ঝিলিক আর সুমি আক্তারের জুটিতে আসে ৫৮ রান। দশম ওভারের শেষ বলে সুমিকে ফিরিয়ে জুটি ভাঙেন সুমনা। পরের ওভারে রিতু মনিকে টানা দুই চার ও এক ছক্কায় ৪২ বলে ফিফটিতে পা রাখেন ঝিলিক। শেষ পর্যন্ত ফারিহা তৃষ্ণার বলে ৬০ রানে ফিরেন ঝিলিক। এরপর শেষ ওভারের রোমাঞ্চে পরাজয় ইস্ট জোনের।