ব্রাদার্স ও পিডব্লিউডিতে ৭ পাকিস্তানি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত পরশু শেষ হয়েছে মধ্যবর্তী দলবদল। এতে ক্লাবগুলো নতুন করে বিদেশী এবং সাফের কোটায় দেশী ফুটবলার নিয়েছে। এর মধ্যে নতুননত্ব হলো এই প্রথম বাংলাদেশ ফুটবল লিগে খেলতে যাচ্ছে পাকিস্তানি ফুটবলার। গত পরশু শেষ দিন পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন পাঁচ পাকিস্তানি এবং পিডব্লিউডি ২ পাকিস্তানিকে নিয়েছে। এরা সবাই পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়। জানান ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান ও পিডব্লিউডির কোচ আনোয়ার হোসেন। স্বাধীনতার আগে বাংলাদেশে পাকিস্তানি ফুটবলারের ব্যাপক উপস্থিতি ছিল। স্বাধীনতার পরও পাকিস্তানি ফুটবলাররা খেলে গেছেন। এরপর বন্ধ ছিল। এবার সাফ কোটায় ফের পাকিস্তানি ফুটবলারের খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে।

ব্রাদার্স ইউনিয়নের সাফ কোটায় ফুটবলার নেয়াটা জরুরি ছিল। কারণ তাদের চার নেপালিই চলে গেছেন। যে কারণে গোপীবাগের ক্লাবটি হাত বাড়িয়েছে পাকিস্তানের দিকে। সেখান থেকে তারা পাঁচ ফুটবলারকে নিয়েছে। এরা সবাই পাকিস্তান জাতীয় দলের সদস্য। কেউ খেলছেন আফগানিস্তান লিগে। কেউবা মালদ্বীপ লিগে। এ ছাড়া আফ্রিকান দেশ গিনি থেকে দুই স্ট্রাইকারকে নিয়েছে। নতুন করে এসেছেন নাইজেরিয়ান এক মিডফিল্ডার। দুই গিনির ফুটবলার লিবিয়া ও থাইল্যান্ড লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। নাইজেরিয়ান ফুটবলারটি খেলেছেন উজবেকিস্তান লিগে। এ ছাড়া সেনেগাল ও গিনির অপর দুই খেলোয়াড় রয়ে গেছেন। বাদ দেয়া হয়েছে ব্রাজিলের স্ট্রাইকারকে। মোট কথা সত্যিকার বিদেশী কোটায় ব্রাদার্স ইউনিয়নে এখন ১০ বিদেশী। এতে স্থানীয় খেলোয়াড়দের খেলার সুযোগটা নস্টই হলো। অবশ্য প্রথম পর্ব শেষে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা কমলা রঙ্গের জার্সিধারীদের উপায়ও ছিল না। তবে পছন্দ না হলেও তাদের রেখে দিতে হয়েছে গতবারের গাম্বিয়ান কোচ ওমর সিসেকে। তা টাকা পয়সার কারনেই।

পিডব্লিউডি দুই পাকিস্তানি ও এক ভুটানিকে নতুন করে দলে টেনেছে। এর মধ্যে তাদের গোলরক্ষক পাকিস্তান জাতীয় দলের ওসমান আলী। এ ছাড়া ভুটানি খেলোয়াড়ও নিয়েছে তারা। বাদ দিয়েছে ব্রাজিল , রাশিয়া ও ঘানার খেলোয়াড়দের। দলে নতুন করে যোগ হয়েছেন উজবেকিস্তান ও ঘানার দুই ফুটবলার। জানান কোচ আনোয়ার হোসেন। রেলিগেশন শঙ্কায় থাকা দলটির পয়েন্ট ৭। আছে ১০ দলের মধ্যে নবম স্থানে।

বাংলাদেশ পুলিশ দলে সাফ কোটায় বিদেশী খেলোয়াড় হলেন ভুটানি উইংগার। এ ছাড়া নাইজেরিয়ান ডিফেন্ডারও নিয়েছে। রয়েছে নেপাল ও ভুটানের একজন করে খেলোয়াড়। লিগের প্রথম পর্বে নেপাল জাতীয় দলের অধিনায়ক গোলরক্ষক কিরণ কুমার লিম্বু ছিলেন। ইনজুরির জন্য তাকে প্রথম পর্বেই বাদ দেয়া হয়েছিল। তবে এখন আর সাফ কোটায় দেশী পরিচয়ের বিদেশী নেয়নি তারা। স্থানীয় গোলরক্ষকই তাদের ভরসা। বলেন কোচ আসিফুজ্জামান। ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে পুলিশ।

শিরোপার রেসে থাকা রহমতগঞ্জ ঘানার এক স্ট্রাইকারকে নিয়েছে। ফলে দলে তাদের বিদেশীর সংখ্যা পাঁচজন। তথ্য দেন কোচ কামাল আহমেদ বাবু। ১৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস ও ফর্টিসের চেয়ে ৩ পয়েন্ট পেছনে রহমতগঞ্জ। অবস্থান করছে দ্বিতীয় স্থানে। আরামবাগ ক্রীড়া ক্রীড়া সংঘ তাদের ভাণ্ডারে নতুন এক বিদেশী জমা করেছে। ৫ পয়েন্ট নিয়ে একেবারেই তলানিতে মতিঝিল ক্লাবপাড়ার দলটি।