সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ
টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর গণধর্ষণের শিকার হয়েছে মানসিক ভারসাম্যহীন এক তরুণী। রাতভর নির্যাতনের পর হাত-পা বেঁধে ফেলে রাখা হয় ধানক্ষেতে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় ওই তরুণীকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সড়ক দিয়ে চলাফেরা করত সে। পরিবারের লোকজনের ধারণা ছিল বৃষ্টির মধ্যে রুমেই অবস্থান করছে। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। রাতভর নির্যাতনের পর দুষ্কৃতকারীরা ফেলে যায় মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে। তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
নেশার টাকা জোগাতে দাদীকে হত্যা
দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচিত অদেলা বেওয়া (৭০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যা মামলায় মূল পরিকল্পনাকারীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: আনোয়ার হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ঘটনার সাথে জড়িত তিন আসামিকে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) মো: আলমগীর হোসেন, পিপিএম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে ও নিহত বৃদ্ধার আপন নাতি রাব্বি (২৫) সহ একই উপজেলার পশ্চিম পালশা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মশফিকুর রহমান (৩৫) ঢাকায় গ্রেফতার হয়েছে। দিনাজপুর প্রতিনিধি।
বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষা বিলম্বে শুরু
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের পরিবর্তে ১ ঘণ্টা বিলম্বে বেলা ১১টায় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে নিকলীতে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হলে উপজেলার দুইটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। বিরূপ আবহাওয়ার কারণে দূর-দূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছতে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে নিকলী উপজেলায় মঙ্গলবার এসএসসি পরীক্ষার সময়সূচি ১ ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। জানা যায়, আজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা নির্ধারিত সময়ের পরিবর্তে ১ ঘণ্টা বিলম্বে সকাল ১১টায় শুরু হয়। কিশোরগঞ্জ প্রতিনিধি ও বাজিতপুর সংবাদদাতা।
কালীগঞ্জে সাপের দংশনে যুবকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের দংশনে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে। গত রোববার রাত ১টার দিকে বিদ্যুৎ না থাকায় গরমে ঘর থেকে বাইরে বের হন ইমরান। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। সাথে সাথে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।
পাকুন্দিয়ায় ওসি পরিচয়ে চাঁদাবাজি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি খুনের মামলায় আসামি করার ভয় দেখিয়ে ‘ওসি’ পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের টার্গেট করছে এই চক্রটি। গত ২৪ এপ্রিল রাতে হিজলীয়া গ্রামে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৩ জনকে আটকও করে। কিন্তু এই শোকাবহ ও উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাঠে নামে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, চক্রটি বর্তমান ও সাবেক ইউপি সদস্য এবং স্কুলশিক্ষকদের মুঠোফোনে কল দিয়ে নিজেদের পাকুন্দিয়া থানার ওসি হিসেবে পরিচয় দিচ্ছে। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
গোবিন্দগঞ্জে একজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ইউপি সদস্য জলিল সঙ্গে মারামারি চলাকালে লাঠির আঘাতে গুরুতর আহত হন কফিল উদ্দিন মাস্টার। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার সি-সার্কেল এবিএম রশিদুলবারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।
বাবাকে বাঁচাতে প্রাণ গেল সন্তানের
নাটোরের লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ৮ বছরের শিশু আব্দুল্লাহ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুতের তারে আটকে অসহায়ভাবে চিৎকার করতে থাকেন তিনি। বাবার সেই আর্তনাদ শুনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ছুটে আসে। পরিস্থিতির ভয়াবহতা না বুঝেই বাবাকে বাঁচানোর আকুল চেষ্টায় তাকে স্পর্শ করলে সেও বিদ্যুতের প্রবল ঝাঁকুনিতে আক্রান্ত হয়। এ সময় মা আসমা খাতুন অসীম সাহসিকতার পরিচয় দিয়ে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করেন। এতে বাবা আল আমিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হয়ে পড়ে শিশু আব্দুল্লাহ। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। লালপুর (নাটোর) সংবাদদাতা।
মুন্সীগঞ্জে ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ
মুন্সীগঞ্জ পৌর এলাকার একটি ফ্ল্যাটে গোপনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ নারী ও এক খদ্দেরসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার বিকালে সদর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসীর দেয়া সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন ৫৭/১১ উত্তর কোর্টগাঁও এলাকার ‘মোল্লা কুটির’ নামের চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ৯ নারী ও একজন খদ্দেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিমা বেগম (৪৫), শিউলি বেগম (৪৫), আয়শা মনি (২১), আঁখি (৩৮), তানিয়া আক্তার (৩৫), কবিতা আক্তার (৩২), আঁখি বেগম (৩৫), মোসা: শারমিন (৩৫), মোসা: রতœা (২৪) এবং হেলাল খান (৫৫)। তাদের মধ্যে কয়েকজন বরিশাল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মুন্সীগঞ্জ প্রতিনিধি।