যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৮
Printed Edition
যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ গির্জায় রোববারের প্রার্থনা চলাকালে এক বন্দুকধারী গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে এবং আটজনকে আহত করেছে। পরে বন্দুকধারী ব্যক্তি গির্জায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে (ডেট্রয়েট শহর থেকে প্রায় ৫০ মাইল উত্তরে) শত শত মানুষ গির্জায় উপস্থিত ছিলেন। এ সময় এক ব্যক্তি একটি চার-দরজাবিশিষ্ট পিকআপ ভ্যান নিয়ে গির্জার মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। পরে গির্জায় আগুন লাগিয়ে দেয়। ওই এলাকার পুলিশ প্রধান উইলিয়াম রেনি ঘটনা সম্পর্কে সাংবাদিকদের জানান। ৯১১-এ ফোন আসার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আট মিনিটের মধ্যে হামলাকারীকে হত্যা করা হয়। রেনি জানান, গির্জা থেকে বেরিয়ে যাওয়ার পর দুই কর্মকর্তা তাকে তাড়া করেন। এ সময় তাদের মধ্য্যে গুলিবিনিময় হয়।
ঘণ্টার পর ঘণ্টা ধরে গির্জা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয় দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে আনে। হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি পাশের বার্টন এলাকার বাসিন্দা। রেনি জানান, তদন্ত এখনো চলছে। এখনো কোনো উদ্দেশ্য স্পষ্ট নয়। হামলাকারীর বাড়ির রাস্তা পুলিশ ঘিরে রেখেছে।
রেনি আরো বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন, আর বাকি সাতজন স্থিতিশীল।
তিনি জানান, ধ্বংসস্তূপ তল্লাশি করতে গিয়ে ভেতরে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আরো লাশ পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এর আগে রেনি বলেছিলেন, অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে আরো ভিকটিম পাওয়া যেতে পারে।