কেনিয়ায় ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস : ১৮ জনের মৃত্যু
Printed Edition
আলজাজিরা
কেনিয়ার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলীয় কাউন্টিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, থারাকা নিথি, এলজিও-মারাকওয়েট এবং কিয়াম্বু কাউন্টিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধস ও কাদার স্রোতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। একইসাথে স্থানীয় অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝুঁঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ দিকে সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে, রাজধানী নাইরোবির বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরসমান পানির মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে।