ক্রিকেটে হার ফুটবলের দেশ ইতালির

Printed Edition
khela-1
ইতালির পক্ষে ৭৩ রানের জুটি গড়া দুই ভাই বেন মানেন্তি ও হ্যারি মানেন্তি

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপের মঞ্চে ইতালির নামটাই ছিল বিস্ময়! ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ক্রিকেট বিশ্বকাপে। সেই অভিষেক ম্যাচেই অপেক্ষা করছিল কঠিন এক বাস্তবতা। স্কটল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করতে হয়েছে ইউরোপের দেশটিকে। এবারের বিশ্বকাপের প্রথম দুই দিনে ছয়টি ম্যাচ হলেও ভারত, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ- কেউ-ই আগে ব্যাট করে ২০০ রানের দেখা পায়নি। সেই ধারার অবসান হয় সপ্তম ম্যাচে, যেখানে কলকাতায় ইতালির বিপক্ষে স্কটল্যান্ড চার উইকেটে তোলে ২০৭ রান। এটি শুধু এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহই নয়, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী সদস্য দেশের সর্বোচ্চ স্কোরও।

ফুটবলের সমীকরণ ক্রিকেট মাঠে মিলাতে পারেনি ক্রিকেটে নবাগত ইতালি। স্কটল্যান্ড ওপেনার জর্জি মুনসে ও অফ স্পিনার মাইকেল লিসেকের বোলিং নৈপুণ্যে টি-২০ বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ফুটবলের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড চার উইকেটে ২০৭ রান করে। জবাবে ইতালি ২০ বল বাকি থাকতে ১৩৪ রানে গুটিয়ে যায়। ফলে অভিষিক্ত দলটির হার ৭৩ রানে। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন মুনসে। ইতালির হয়ে দুই ভাই বেন মানেন্তি ৫২ ও হ্যারি মানেন্তি ৩৭ রান করেন। শেষ পর্যন্ত ১৩৪-এ অলআউট তারা।