যে কারণে ‘মহল্লা’য় অভিনয় করছেন আইরিন
Printed Edition
বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা হিসেবেই তার পরিচিতি দর্শকের কাছে। কিন্তু আপাতত নতুন কোনো সিনেমায় কাজ করছেন না তিনি। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে থাকবেন, এমনটি নয়। গল্পটা মনের মতো এবং চরিত্রও নিজের সাথে মানানসই বিধায় চিত্রনায়িকা আইরিন ফরিদুল হাসান পরিচালিত ‘মহল্লা’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। বৈশাখী টিভিতে প্রচার চলতি এই ধারাবাহিক নাটকে কেন অভিনয় করছেন? এমন প্রশ্নের জবাবে আইরিন বলেন, ‘মহল্লা ধারাবাহিক নাটকটির গল্প একজন নায়িকাকে কেন্দ্র করে যিনি ঢাকাই সিনেমার একজন প্রতিষ্ঠিত নায়িকা। যে কারণে আমার কাছে মনে হলো এই গল্পে অভিনয় করা যেতে পারে, কারণ আমার সাথে গল্পটার এবং চরিত্রটার এক ধরনের যোগসূত্র আছে। কাজ শুরু করতে গিয়ে পুরো ইউনিটের আন্তরিকতা, পরিচালকদের নির্দেশনায় এবং সর্বোপরি সব সহশিল্পীর সহযোগিতায় আমি ভীষণ মুগ্ধ হয়েছি। এরই মধ্যে কয়েকটি লটে আমি কাজ করেছি। সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে বিধায় আমি মহল্লøা ধারাবাহিক নাটকে অভিনয় করছি। নাটকটি প্রচারের পর থেকে সত্যিই ভীষণ সাড়া পাচ্ছি। শুধু মহল্লাতেই আমার অভিনয় দেখে অনেকেই আমাকে একক নাটকে কাজ করার জন্যও ভীষণ আগ্রহ প্রকাশ করছেন। শুধু তাই নয়, ফরিদ ভাই আরেকটি সিক্যুয়ালেও আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। একজন শিল্পী হিসেবে এই বিষয়গুলো আমার জন্য অনেক আবেগের, ভালোলাগার ও সম্মানেরও বটে। শিল্পী হিসেবে আমরা যারা কাজ করি, তাদের কিন্তু চাওয়ার বেশি কিছু নেই। ভালোবাসা এবং সম্মানটাই আমরা বেশি প্রত্যাশা করি। মহল্লøাতে কাজ করে তা নতুন করে উপলব্ধি করছি।’ মহল্লøা ধারাবাহিকের রচয়িতা বিদ্যুৎ রায়। আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গন্তব্য’। ২০১৩ সালে দেবাশীষ বিশ^াস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। তার অভিনীত প্রথম নাটক আফসানা মিমির ‘পৌষ ফাগুনের পালা’। এ ছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ ইউটার্ন’, ‘ মায়াবিনী’।