আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমস আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে বাছাই পর্বের শিরোপা লড়াইয়ে টিকে রয়েছেন অর্পিতা পালরা। চ্যাম্পিয়ন ট্রফি থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে তারা। প্রথম ধাপে আজ মঙ্গলবার সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশকে লড়তে হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ দল এই ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে। গ্রুপ পর্বে শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। আক্রমণ ও রক্ষণ- দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ খেলার ছাপ রেখেছে দলটি। বিশেষ করে ফরোয়ার্ড লাইনের গতিময়তা এবং মিডফিল্ডের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্য দিকে সিঙ্গাপুরও সহজ প্রতিপক্ষ নয়। তারাও গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে শেষ চারে উঠেছে। তাই শেষ চারের ম্যাচটিকে সেয়ানে সেয়ানে লড়াই বলা যায়। অভিজ্ঞতার দিক থেকে অবশ্যই এগিয়ে। তাদের লজিস্টিক সাপোর্টের কিয়দংশও পায়নি বাংলাদেশ নারী দল।

বিকেএসপির প্রথম ব্যাচের শিক্ষার্থী ও বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু নারী হকি নিয়ে কাজ করছেন। রাজু জানান, সেমিফাইনাল ম্যাচটি হবে কঠিন, তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এশিয়ান গেমসের বাছাইয়ে অংশ নেয়া অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের মেয়েদের গড় বয়স অনেক কম। এর পরও আমরা সফল হয়েছি, কারণ একতা ও সমন্বয়। এই মেয়েরা ছয় বছর বিকেএসপিতে এক সঙ্গে বেড়ে উঠছে। তাদের মধ্যে এত সুন্দর বোঝাপড়া এবং সব সময় অনুশীলনে থাকায় এটা হয়েছে। বিকেএসপি পুরুষ হকিতে অনেক অবদান রয়েছে, নারী হকিতেও অবদান রাখছে।

দলের অন্যতম ভরসা অধিনায়ক অর্পিতা পাল বলেন, আমরা প্রতিটি ম্যাচ ধাপে ধাপে এগোচ্ছি। সেমিফাইনাল আমাদের জন্য বড় পরীক্ষা, তবে আমরা সেরাটা দেয়ার জন্য প্রস্তুত। আমাদের হারানোর কিছু নেই। প্রথমবার অংশ নিয়েই এশিয়াডে খেলার যোগ্যতা অর্জন করেছি। ট্রফিটা পেেেয় গেলে সেটি হবে আরো মর্যাদার।

এই ম্যাচে জয়ী দল ফাইনালে উঠে এশিয়ান গেমসে খেলার স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে নেবে। তাই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নারী হকির উন্নয়নে এটি বড় সাফল্য। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি। বাংলাদেশ নারী হকি দল ফাইনালে উঠলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।