নিউ ইয়র্কের ব্রুকলিন লাউঞ্জে গুলিতে নিহত ৩, আহত ৯

আবু সাবেত, নিউ ইয়র্ক প্রতিনিধি
Printed Edition

রোববার ভোরে নিউ ইয়র্ক সিটির এক লাউঞ্জে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং ৯জন আহত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, স্থানীয় সময় রোববার ভোরে ব্রুকলিনের ক্রাউন হাইটসে ‘টেস্ট অব দ্য সিটি’ লাউঞ্জে এ ঘটনা ঘটে। সাথে সাথেই অসংখ্য ৯১১ কল আসে জরুরি পরিষেবায়।

কয়েক মিনিটের মধ্যে পুলিশ ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে পৌঁছে দেখে, ১৯ থেকে ৬১ বছর বয়সী ৯ জন পুরুষ ও তিনজন নারী গুলিবিদ্ধ হয়েছেন।

তিনজন পুরুষ মারা যান। একজন, যার বয়স ১৯, ঘটনাস্থলেই মারা যান। আরো দুইজন, যাদের বয়স ২৭ ও ৩৫, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে পরে মৃত্যুবরণ করেন।

অন্য আহতদের প্রাণহানির আশঙ্কা নেই, তারা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, ভিড় জমা ক্লাবের ভেতরে ঝগড়া-বিবাদ থেকে গুলিবর্ষণ শুরু হয়। এতে সর্বোচ্চ চারজন শুটার জড়িত ছিল।

জেসিকা টিশ বলেন, আমাদের অপরাধ তদন্তকারীরা ঘটনাস্থল থেকে ইতোমধ্যে ৪২টি খোসা উদ্ধার করেছেন। এগুলো একাধিক বন্দুক থেকে ছোড়া হয়েছে। খোসাগুলো ৯মিমি ও .৪৫ ক্যালিবার অস্ত্রের। তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি গ্যাং-সংক্রান্ত হামলা বলে মনে হচ্ছে।

টিশ উল্লেখ করেন, নিউ ইয়র্ক সিটিতে মোট গুলিবর্ষণের প্রায় ৬০ শতাংশই গ্যাং সম্পর্কিত।

বেডফোর্ড অ্যাভিনিউ ও ইস্টার্ন পার্কওয়ের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে সেটি এই গুলিবর্ষণের সাথে সম্পর্কিত কিনা, তা এখনো তদন্তাধীন।

জনগণের উদ্দেশে মেয়র অ্যাডামস বলেন, আপনি যদি ওই ক্লাবের ভেতরে থাকেন, যদি কারো মুখে গুলির প্রসঙ্গ শুনে থাকেন, যদি কাউকে পালাতে দেখেন যেকোনো তথ্য আমাদের এই অপরাধের টুকরো-টুকরো ছবি জোড়া দিতে সহায়তা করবে, এ ধরনের মারাত্মক বন্দুক সহিংসতা একটি সমাজ ও শহরের গভীর ক্ষত সৃষ্টি করে... আমরা অবৈধ অস্ত্র সরিয়ে নিতে আক্রমণাত্মক পদক্ষেপ চালিয়ে যাব।

পাদরি গিলফোর্ড মনরোজ বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার-পরিজনের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল এবং হাসপাতালে ভর্তি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এর আগেও ২০২৪ সালের নভেম্বর মাসে একই লাউঞ্জে আরেকটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। রোববারের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে।