রহনপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন আটক

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ী সেজে বাড়িতে ভাড়া থেকে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহের ইমরান হোসেন (২২), কুষ্টিয়ার সাইফুল মণ্ডল (৪০) এবং পাবনার মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)। পুলিশ জানায়, রহনপুর রেলস্টেশনের নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ ভ্যানসহ বোল্ট কাটার, লোহার রড, হাতুড়ি ও ধারালো হাঁসুয়া জব্দ করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি মো: নুরে আলমের নেতৃত্বে রহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এই যৌথ অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন সহযোগী পালিয়ে গেলেও ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর আগে ডাকাতদল চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় তারা একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।