কবে শুরু হবে ফুটবল লিগ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নিরাপত্তার ইস্যু তুলে স্থগিত রাখা হয় বাংলাদেশ ফুটবল লিগ ( বিএফএল)। অথচ এই লিগ স্থগিত থাকার সময়েই ঢাকা এবং ঢাকার বাইরে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। তাই ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খানের প্রশ্ন , ‘বিসিএল চলতে পারলে কেন বন্ধ থাকল বিএফএল।’ অবশ্য এখন বন্ধ রাখা হয়েছে বিসিএল। বাফুফের পেশাদার লিগের মধ্যবর্তী দলবদল শেষে ক্লাবগুলো ফিরতি লিগে অংশ নেয়ার জন্য প্রস্তুতি শুরু করেছিল। এরই মধ্যে হঠাৎ বাফুফের ঘোষণা, স্থগিত করা হলো বিএফএল ও ফেডারেশন কাপের পরের খেলা। জানানো হয়েছিল নিরাপত্তা ইস্যু ও ক্লাবগুলোর অনুরোধেই এই স্থগিত রাখা। এরপর বলা হয়নি করে শুরু হবে ফিরতি লিগ। অন্য দিকে এই অনিশ্চয়তার মধ্যেই দুই এক ক্লাব চালু রেখেছে তাদের অনুশীলন। তবে এখনো নিশ্চিত নয় কবে মাঠে গড়াবে দেশের শীর্ষ এই ফুটবল লিগ।
লিগ শুরু তারিখ নির্ধারিত না হওয়ায় ক্লাবগুলোর অনুশীলনও বন্ধ। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসও ঠিকমতো অনুশীলন করাতে পারছে না তাদের খেলোয়াড়দের। কারণ বিদেশীরা এখনো ফেরেনি। হালকাভাবে দুই-একজন প্র্যাকটিস করছেন। অবশ্য প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা ফর্টিস এফসি এবং ঢাকা আবাহনী তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন পুরো দমে। তবে অন্য ক্লাবগুলো এই অনিশ্চয়তায় প্র্যাকটিসে নামায়নি ফুটবলারদের।
বাংলাদেশের পেশাদার লিগে এই প্রথম পাকিস্তানি ফুটবলাররা খেলতে যাচ্ছেন। ব্রাদার্স ইউনিয়নে পাঁচজন এবং পিডব্লিউডি ক্লাব দুইজন পাকিস্তানি খেলোয়াড় খেলবেন। ব্রাদার্স এখনো এই নতুন এই সাফ কোটার ‘দেশী’ ফুটবলারদের মাঠে পরখ করতে পারেনি। ম্যানেজার আমের খান জানান, আমরা তো জানিই না কবে লিগ মাঠে গড়াবে। না জেনে কিভাবে অনুশীলন শুরু করব।’
অনুশীলন শুরু না করায় কিছু ক্লাবের ক্যাম্প খরচ বেচে যাচ্ছে। তবে বিদেশী ফুটবলারদের ঠিকই বেতন দিতে হচ্ছে। লিগ যতই গড়াবে বিদেশীদের মাসিক চুক্তির মেয়াদও বাড়বে। ফলে এই বিদেশীদের নিয়ে বিপাকে ক্লাবগুলো। আবার নির্বাচনের আগে লিগ শুরুর আর কোনো সম্ভাবনাই নেই। আর দুই দিন পর জাতীয় সংসদের নির্বাচন। নির্বাচন শেষ হলেই যে লিগ শুরু করা হবে সেই নির্দিস্ট তারিখও নেই। ফলে টেনশনে ক্লাবগুলো।
১২ তারিখের নির্বাচন শেষ হলেই লিগ শুরু করা যাচ্ছে না। কারণ দেশের সর্বোচ্চ এই লিগের ফিরতি পর্ব শুরুর আগে ক্লাবগুলোকে প্রস্তুতির সময় দিতে হবে। বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানান, আমরা অবশ্যই ক্লাবগুলোকে ফিরতি লিগের প্রস্তুতির সময় দেবো। তাই নির্বাচনের পরপরই লিগ শুরু করা যাচ্ছে না।’