রাজনীতিতে গুণগত পরিবর্তন এখন সময়ের অপরিহার্য দাবি : ডা: ফজলুল হক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এখন সময়ের অপরিহার্য দাবি। গত ৫৪ বছরের নানা প্রকল্পের মাধ্যমে ব্যাপক দুর্নীতি তো হয়েছেই, পাশাপাশি অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। যার সুফল দেশের মানুষ পাচ্ছে না। দুর্নীতি ও অপরিকল্পিত ‘উন্নয়নের’ নামে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পাঁচ বছরের অন্তত দেশকে ২৫ বছরের জন্য এগিয়ে নিতে হবে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চট্টগ্রাম ও দেশের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং ট্রাফিক ম্যানেজমেন্টসহ নানা খাত নিয়ে নিজের ভিশনগুলো তুলে ধরেন। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে নিজের পরিকল্পনাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। নগরীর যানজট নিরসনে উন্নত বিশ্বের আদলে হকারদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কিভাবে কাজ করবেন তা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে নিজের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান পরিকল্পনাও তিনি সাংবাদিকদের অবহিত করেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের আস্থা স্থাপনে সাংবাদিকদের সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন- ডা: ফজলুল হকে স্ত্রী ও চিটাগং আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আমেনা শাহীন।