মাইজভাণ্ডারে ১২০তম ওরসের প্রধান দিবস আজ

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ ক:-এর ১২০তম ওরস শরিফের প্রধান দিবস আজ শনিবার।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ওরসে লাখো ভক্ত ও আশেকানের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরিফ। প্রধান দিবসে আজ রাতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহি ময়দানে অনুষ্ঠিত হবে আখেরি মুনাজাত। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত পরিচালনা করবেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশিন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

ওরস শরিফ উপলক্ষে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত দরবার শরিফে সমবেত হয়েছেন। ওরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নায়েব সাজ্জাদানশিন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং মাইজভাণ্ডার ওরস শরিফ সুপারভিশন কমিটির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।

স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এবং ভিডিওচিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।